আজিজুল ইসলাম, কুলিয়ারচর প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কুলিয়ারচর রোডে লড়ি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জয়নাল (আনুমানিক ২৫) নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) সকালে তিনি ডিউটিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নালের বাড়ি কটিয়াদি উপজেলার লোহাজুড়ি ইউনিয়নে। প্রত্যক্ষদর্শী বাজরা গ্রামের মো. আরমান মিয়া জানান, দ্রুতগামী একটি লড়ি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে লাশ কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন । দুর্ঘটনার পরপরই লড়ির চালক ও সহকারী পালিয়ে যায়। বর্তমানে লাশ কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাম্মী আক্তার জানান, মাত্র ৭ মাস আগে জয়নাল পরিসংখ্যানবিদ পদে চাকরিতে যোগ দেন এবং তিনি ৩ মাস আগে বিয়ে করেন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়, ছোট ভাই প্রবাসে থাকেন। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া ।