নিজস্ব প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের মানুষ।
২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরাতন স্টেডিয়ামে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এ উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬টায় গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস.এম ফরহাদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পরে সকাল ৮টায় জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এছাড়া বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।