নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত এই চিরুনি অভিযানে মোট ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের সরাসরি নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদকবিরোধী অভিযানে ৩৯ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২৭ জন, নিয়মিত মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলাকে সম্পূর্ণ অপরাধমুক্ত রাখতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার কঠোর বার্তা দিয়ে বলেন, “অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”
মাদকের বিস্তার রোধ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ঘোষিত “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া কিশোরগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ।