মো নিয়াজ মাসুদ স্টাফ রিপোর্টার
দীর্ঘ প্রায় দুই মাসের গ্যাস সংকট কাটিয়ে স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করেছে নরসিংদীর শিল্পকারখানাগুলো। পাইপলাইনে গ্যাসের চাপ বাড়ায় ডাইং, টেক্সটাইল, স্পিনিং ও সাইজিং কারখানায় উৎপাদন কার্যক্রমে গতি ফিরেছে। একই সঙ্গে বাসাবাড়ি ও সিএনজি পাম্প ব্যবহারকারীদের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে জেলাজুড়ে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জানা গেছে, চলতি বছরের ২১ জুলাই কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে সংকট দেখা দেয়। এতে জেলার শিল্পকারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হয়। সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানো হলে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে।
গ্যাসের চাপ বাড়ায় নরসিংদী, মাধবদী ও চাউয়াল এলাকার বিভিন্ন ডাইং, টেক্সটাইল, স্পিনিং ও সাইজিং কারখানার উৎপাদন কার্যক্রমে গতি ফিরছে। দীর্ঘদিন উৎপাদন সীমিত থাকায় শিল্পমালিক ও শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বর্তমানে গ্যাস সরবরাহ বাড়ায় কারখানাগুলো পূর্ণাঙ্গ উৎপাদনে ফেরার প্রস্তুতি নিচ্ছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, নরসিংদীর ম্যানেজার মো. মাকসুদুর রহমান বলেন, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় এতদিন নরসিংদীর ডাইং ও টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। তবে জাতীয় গ্রিড থেকে গ্যাসের সরবরাহ বাড়ায় বর্তমানে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাসের চাপ পাওয়া গেলে শিল্পকারখানাগুলো আগের মতো পুরোদমে উৎপাদনে ফিরতে পারবে।