মাসুদ মিয়া, নরসিংদী
নরসিংদীতে দীর্ঘদিনের বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে নরসিংদী পৌর এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে হাবুর বাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত বাবু ওরফে শহীদুল্লাহ নরসিংদীর চৌয়ালা এলাকার বাসিন্দা। তিনি আ. কাদেরের ছেলে। সংঘর্ষের একপর্যায়ে তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সনেট গ্রুপ ও আবুলাল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং এতে বাবু গুলিবিদ্ধ হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।
নরসিংদী মডেল থানার ইনচার্জ জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।