
ওসমান গনি
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১ আসনে মাহী বি চৌধুরীসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুজাফর রিপন। রবিবার (৩ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম পর্বে ওই আসনের ১১ প্রার্থীর মধ্যে তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বিকল্পধারার প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী একটি খেলাপি ঋণের জামিনদার হওয়ার কারণে তার প্রার্থিতা বাতিল হয়। অন্যদিকে, দাখিল করা এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির এবং সমর্থনকারী স্থানীয় নয় বলে বিএনএম প্রার্থী ফরিদ হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুজাফর রিপন বলেন, আমরা সব প্রার্থীর বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবেদন নিয়েছি। মাহী বি চৌধুরী মেসার্স এফিনিটি কমিউনিকেশন লিমিটেডের একটি খেলাপি ঋণের জামিনদার থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া অন্য আট প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদ, তৃণমূল বিএনপির অন্তরা হুদা, জাতীয় পার্টির শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাকের পার্টির আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতাউল্লাহ হাফেজ্জী, বাংলাদেশ সুপ্রিম পার্টির লতিফ সরকার, ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তার, বাংলাদেশ কংগ্রেসের নূর জাহান বেগম রিতা।
মনোনয়নপত্র বাতিল করা প্রার্থীদের ভুল সংশোধনপূর্বক নির্বাচন কমিশন কর্তৃক আপিলের পরামর্শ প্রদান করা হয়েছে।
বিকল্প যুবধারার সভাপতি ও মাহী বি চৌধুরীর নাম প্রস্তাবকারী মো. আসাদুজ্জামান বাচ্চু বলেন, যে খেলাপি ঋণের কথা বলা হচ্ছে মাহী বি চৌধুরী সেটার জামিনদার নন। আমরা এ বিষয়ে আপিল করবো।
Leave a Reply