
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলার অপর ১২ জন আসামিকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার বিকেলে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম হাসিম উদ্দিন। তিনি হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোবারক হোসেন ও মোশারফ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শ্রী যজ্ঞেশ্বর রায় চৌধুরী।
মামলার সূত্রে জানা যায়, নিহত সুফিয়া খাতুনের স্বামী হেলাল উদ্দিনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৪ সালের ২৯ আগস্ট বেলা ১১টার দিকে জমিতে কাজ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামলা চালান। খবর পেয়ে তাঁর স্ত্রী সুফিয়া খাতুন স্বামীকে মারধরে বাধা দিতে এলে তাঁকে ছুরি দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করেন আসামিরা। স্থানীয়রা সুফিয়া খাতুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরদিন নিহতের স্বামী হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৫ সালের ২০ আগস্ট ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ সোলায়মান কবীর। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলাটির আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম এ রশিদ
Leave a Reply