
ডেস্ক নিউজ:
রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তাঁর পূর্ববর্তী পেশায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সে লক্ষ্যে প্রস্তুতিও নিচ্ছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনোত্তর এ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এর মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
আলী রীয়াজ বলেন, গণভোটের ফলাফল থেকে বোঝা যায় যে দেশের নাগরিকরা জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট সমর্থন দিয়েছেন। জনগণের বড় একটি অংশ পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বজায় রাখতে আগ্রহী নন; বরং তারা রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন ও সংস্কার চান।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্য ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানান। একই সঙ্গে দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনে সম্ভাব্য ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কা নস্যাৎ করে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করায় ভোটারদেরও ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
Leave a Reply