
ডেস্ক রিপোর্ট:
চাঁদপুরে রাতে অভিযান চালিয়ে ১২ কিশোরসহ মোট ২১ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে সবারকে ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর সদর মডেল থানা সূত্র জানায়, রোববার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, লেকপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড ও প্রেসক্লাব রোডসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে ১২ জনের বয়স ১৪ থেকে ১৭ বছর। এছাড়া ছয়জনের বয়স ১৮, দুজনের ১৯ এবং একজনের বয়স ২৩ বছর।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটক ২১ জনকে থানায় নেওয়ার পর তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান জানান, এটি নিয়মিত অভিযানের অংশ। তবে গত শুক্রবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুরের কচুয়া উপজেলায় এক মতবিনিময় সভায় সন্ধ্যার পর অযাচিতভাবে রাস্তায় ঘোরাফেরা করা কিশোরদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সে পরিপ্রেক্ষিতে তাদের থানায় এনে সতর্ক করে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
গত শুক্রবার দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিতে হবে এবং রাতে রাস্তায় অকারণে ঘোরাফেরা করলে কিশোরদের জিজ্ঞাসাবাদ করতে হবে।
Leave a Reply