ভৈরবের ১০ মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাট উমান মিয়া কে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনা এবং ভৈরব থানার অফিসার ইন-চার্জ (ওসি)-এর সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এক সফল অভিযান পরিচালিত হয়েছে।
২০ মে ২০২৬ খ্রি. সকাল ০৯.০০ ঘটিকায় ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার কুখ্যাত মাদক সম্রাট উমান মিয়া-কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত উমান মিয়া দীর্ঘদিন ধরে ভৈরব থানা এলাকাসহ আশেপাশের অঞ্চলে একটি শক্তিশালী মাদক চোরাচালান ও ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিল।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সর্বমোট ১০টি মামলা রয়েছে।
সে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি ছিল।
মাদকের কালো টাকায় বিলাসবহুল জীবন:
প্রাথমিক তদন্তে জানা যায়, সাধারণ মানুষকে মাদকের নেশায় ধ্বংস করে এবং অবৈধ মাদক ব্যবসার কালো টাকায় উমান মিয়া এলাকায় একটি বিশাল ৫ তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছে। দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে চললেও অবশেষে পুলিশের জালে ধরা পড়তে হলো তাকে।
গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী উমান মিয়াকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের সুস্পষ্ট বার্তা মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি আগামীতেও সগৌরবে অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা বদ্ধপরিকর।